📌 চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
ঢাকা, ৩ নভেম্বর ২০২৬ — চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং (Liu Haixing) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী-এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন-এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ-এমপি ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম প্রমুখ।
সফরের কর্মসূচি
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।
- সকাল ১০টা: বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতের সময়সীমা: ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত।
- সকাল ১১টা: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং বঙ্গভবন পরিদর্শন। রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজেও অংশ নেবেন লিউ হাইশিং।
- বেলা ২টা থেকে ৩টা: হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও অংশ নেবেন তিনি।
- বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা: বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন। এরপর ঢাকায় চীনা দূতাবাসের সাবেক ও বর্তমান চ্যান্সারি ভবন পরিদর্শন করবেন।
- সন্ধ্যা ৭টা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন লিউ হাইশিং।
সফরের শেষ দিনের কর্মসূচি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকা সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন তিনি।
সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের।
লিউ হাইশিং-এর সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন (Liu Yuyin), চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন (Peng Xiubin), জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং (Hu Zhaoming) এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও দোভাষীরা।
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!