📋 জীবনী
সৈয়দ জাহাঙ্গীর আলম (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৬৭ ) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-৩ (সদর) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইতঃপূর্বে তিনি ধারাবাহিকভাবে তিনবার দিনাজপুর পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীর আলম ১৯৬৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলার নিমনগর বালুবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক ও দিনাজপুর আদর্শ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীকালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে জাতীয়তাবাদী চিন্তা চেতনার চর্চা থেকে তার রাজনীতির হাতেখড়ি হয় বলে ধারণা করা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) দিয়ে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ছাত্রজীবনে তিনি বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। ১৯৯০ সালের গণআন্দোলনের সময় তিনি দিনাজপুর জেলা সর্বদলীয় ছাত্র ঐক্য কমিটির সমন্বয়ক ছিলেন, যা এরশাদ বিরোধী আন্দোলনের অংশ ছিল। এরপর তিনি ধাপে ধাপে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হন, প্রথমে জেলা ছাত্রদলের সভাপতি এবং পরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বিএনপির প্রধান শাখায় তার যাত্রা শুরু হয় দিনাজপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে মনোনীত হওয়ার পর। তিনি এ শাখার যুব বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের অংশ হিসেবে জেলা কমিটির সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক ক্যারিয়ারে তিনি রংপুর বিভাগীয় বিএনপির সহ-সংগঠক সম্পাদক পদে মনোনীত হন। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে পরিচিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল