📋 জীবনী
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (জন্ম: ২২ জুন ১৯৯৩) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন -১৫ থেকে মনোনীত সংসদ সদস্য।
প্রাথমিক জীবন
সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ২২ জুন ১৯৯৩ সালে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ডা. হযরত আলী বিএনপির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ২০১০ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেন। প্রিয়াঙ্কা ২০১৬ সালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবন
সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ঢাকা মেডিকেল কলেজের অনারারি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক।
সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য। প্রিয়াঙ্কা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শেরপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হন। ১৯৯৬ সালের পর তিনিই ছিলেন ওই আসনের প্রথম বিএনপি প্রার্থী। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০ এপ্রিল ২০২৬ সালে বিএনপি তাকে সংরক্ষিত নারী আসন ১৫ থেকে মনোনীত করে এবং ৫ মে ২০২৬ সালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল