📋 জীবনী
শেখ রবিউল আলম (জন্ম: ৬ অক্টোবর ১৯৭১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়—এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা।
রবিউল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (MCJ) থেকে পড়াশোনা করেছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী—রিয়েল এস্টেট কোম্পানি প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শেখ লোকমান হাকিম ও আছিয়া বেগমের সন্তান।
রাজনৈতিক জীবন
শেখ রবিউল আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, কিন্তু আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। পরবর্তীতে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হন।
২০২৫ সালের ৪ ডিসেম্বর বিএনপি ২০২৬ সালের সাধারণ নির্বাচনের জন্য তাকে ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে। তিনি ৮০,৪৩৬ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জসিম উদ্দিন ৭৭,১৩৬ ভোট পান। নির্বাচনে জয়ের পর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়—সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন। তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে শপথ গ্রহণ করেন।
বিতর্ক ও অভিযোগ
শেখ রবিউল আলমের বিরুদ্ধে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এই মামলায় তাকে আসামি করা হয় এবং গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলে তিনি আত্মগোপনে চলে যান। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন, যার সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল 




