📋 জীবনী
সাকিলা ফারজানা একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা। তিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকার রাজনীতিতে সক্রিয় এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।
প্রাথমিক জীবন
ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং তিনবারের সংসদ সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের বিএমএস গার্লস হাই স্কুল থেকে ১৯৯১ সালে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পুনরায় এলএলবি এবং সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে 'বার ভোকেশনাল কোর্স' সম্পন্ন করে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
ব্যারিস্টার শাকিলা ফারজানা ২০০৪ সালে আইন পেশায় যোগ দেন। ২০০৮ সালে নিজস্ব আইনি প্রতিষ্ঠান "ল কর্নারস্টোন" প্রতিষ্ঠার আগে তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এবং ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সাথে কাজ করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরের ঘটনার পর অসংখ্য আলেম ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। ওই কঠিন সময়ে রাজনৈতিক চাপের তোয়াক্কা না করে তিনি কারাবন্দী আলেমদের (যেমন: মুফতি হারুন ইজাহার ও অন্যান্য) পক্ষে আদালতে আইনি লড়াই চালিয়েছেন।
পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় শাকিলা ফারজানা বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। ২০০৯ সাল থেকে তিনি সরাসরি দলীয় কার্যক্রমে সক্রিয় হন। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছেন।
==== কারাবরণ ==== ২০১৫ সালের ১৮ আগস্ট হামজা ব্রিগেড নামক একটি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় ১০ মাস ৮ দিন কারাগারে ছিলেন এবং পরবর্তীতে ২০১৬ সালে জামিনে মুক্তি পান। তিনি এই মামলাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' ও 'মিথ্যা' বলে দাবি করে আসছিলেন এবং অবশেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এই মামলা থেকে খালাস প্রদান করেন।
==== সংসদ সদস্য মনোনয়ন ==== ২০ এপ্রিল ২০২৬ সালে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়। ২৩ এপ্রিল ২০২৬ তারিখে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
ব্যক্তিগত জীবন
শাকিলা ফারজানার স্বামী মো. বাহাউদ্দিন চট্টগ্রামের একজন ব্যবসায়ী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল