📋 জীবনী
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এই সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত দল বিএনপি’র ক্যাবিনেটে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
জন্ম ও বংশ
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী বশির উল্যাহ চৌধুরী, যিনি লক্ষ্মীপুরের একজন বনেদী ব্যবসায়ী ছিলেন। এ্যানি চৌধুরীর মায়ের নাম হোসেনে আরা বেগম। তিনি একজন গৃহিণী। এ্যানি চৌধুরীর দাদা হাজী পানা মিয়া, যিনি ব্রিটিশ শাসনামলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুই চাচাতো ভাই সাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম এক সময়ে লক্ষ্মীপুরে সংসদ সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরী একজন গৃহিণী।
শিক্ষাজীবন
১৯৭১ সালে মাত্র ৪ বছর বয়সে গৃহ শিক্ষকের মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু হয়। এরপর যথাক্রমে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং এইচএসসি সরকারি বিজ্ঞান কলেজ (তেজগাঁও, ঢাকা) থেকে সম্পন্ন করেন । ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে এই বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে এম.এস.সি ডিগ্রী লাভ করেন। ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা-ইন এডুকেশন সমাপ্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল