📋 জীবনী
সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল (জন্ম: ১৯৫১) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, ২০০১ এবং ২০২৬ সালে সর্বমোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন
সরদার শাখাওয়াত হোসেন বকুল ১৯৫১ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে ঐতিহ্যবাহী সরদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সরদার আছমত আলী। সরদার শাখাওয়াত চালাকচর উচ্চ বিদ্যালয়, নরসিংদী সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের তিনি সাবেক জিএস ছিলেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সরদার শাখাওয়াত হোসেন বকুল প্রথমে ছাত্র ইউনিয়ন ও পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি নরসিংদী-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এই সময় তিনি আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক সেনাপ্রধান (অব.) লে. জেনারেল নূরউদ্দীন খান কে পরাজিত করেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পান ৭৬ হাজার ৪৪৫ ভোট। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। তার মন্ত্রী হওয়ার খবরে নরসিংদী জেলার বেলাব ও মনোহরদী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয় এবং নারায়ণপুর বাজার এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
ব্যক্তিগত জীবন
তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল