📋 জীবনী
মুহাম্মদ নওশাদ জমির (জন্ম: ৩ ফেব্রুয়ারি ১৯৭০) বাংলাদেশের একজন আইনজীবী ও রাজনীতিবিদ যিনি পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষে প্রার্থী হিসেবে প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-এ সংসদ সদস্য নির্বাচিত হন।
জন্ম ও শিক্ষা
নওশাদ জমির ১৯৭০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তার পিতা জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার ছিলেন। তিনি ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কর বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি লিংকন'স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
রাজনীতি ও কর্মজীবন
নওশাদ জমির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-এ পঞ্চগড়-১ সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর প্রথম সারির নেতা সারজিস আলমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও, তিনি বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য। পঞ্চগড় অঞ্চলের ব্যাপক উন্নয়নের জন্য তার সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে তিনি 'উত্তরবঙ্গের স্বপ্নদর্শী নেতা' নামে পরিচিত। বর্তমানে তিনি ঢাকার জুরিস্টস চেম্বার্স-এর হেড অফ চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আইনচর্চা মূলত করপোরেট আইন, ইসলামি অর্থায়ন,এবং সাংবিধানিক রিট নিয়ে আবর্তিত। কর্মজীবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন নওশাদ। পাশাপাশি তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আইটি, টেলিকম এবং শিপিং কোম্পানিকে নিয়মিত আইনি পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশে এইচএসবিসি (HSBC)-এর 'আমানাহ' পোর্টালের জন্য শরিয়াহ-সম্মত পণ্যগুলো তার তদারকিতে তৈরি। রহিম আফরোজ এনার্জি সার্ভিসেস লিমিটেড-এর জন্য মুদারাবা বন্ড কাঠামো তৈরিতেও তিনি সহায়তা করেন। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (IIFC)-এর পরামর্শক হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের জন্য কনসেশন চুক্তি এবং বিটিআরসি (BTRC)-এর সেলুলার লাইসেন্স নিলামের নির্দেশিকা তৈরিতে সহায়তা করেন। আইন ও রাজনীতির বাইরে তিনি একজন লেখক ও চিন্তাবিদ। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে তার গভীর বিশ্লেষণধর্মী লেখা দেশি-বিদেশি বিভিন্ন জার্নাল ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল