📋 জীবনী
নজরুল ইসলাম মন্ডল (জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৫৩) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন
তিনি ১৯৫৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ময়েজ উদ্দিন মন্ডল ও মাতা ফাতেমা বেগম ।
কর্মজীবন
তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে রাজশাহী-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন লাভ করেন। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো রাজশাহী-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে পুনরায় বিএনপির মনোনয়ন পান এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০২৫ সালে তিনি তৃতীয়বারের মতো রাজশাহী-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১,৫৩,৪২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মনজুর রহমান পান ৭৩,৪৪৫ ভোট। এর মাধ্যমে তিনি রাজশাহী-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল