📋 জীবনী
মাহদী আমিন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, নীতি-বিশ্লেষক ও রাজনৈতিক উপদেষ্টা। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তাকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
মাহদী আমিন ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (ব্যাচেলর অফ আর্টস) ডিগ্রি অর্জন করেন এবং বিশেষ কৃতিত্বের সাথে নিজ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাবলিক পলিসির রাজনৈতিক অর্থনীতিতে একটি সার্টিফিকেট লাভ করেন এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (বারুক কলেজ)-এ একটি বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
২০১০ সালে আমিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক দক্ষিণ এশীয় অধ্যয়নে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি কেমব্রিজে বৈদ্যুতিক যানবাহন শিল্প এবং সবুজ প্রযুক্তির উপর ডক্টরাল গবেষণা করেন। তিনি "বাংলাদেশ পলিসি ফোরাম কেমব্রিজ" প্রতিষ্ঠা করেন, যা একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং তিনি এর সভাপতি। এই ফোরামের সহযোগী শাখা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফিনল্যান্ড এবং বাংলাদেশে রয়েছে।
রাজনৈতিক ও পেশাগত জীবন
মাহদী আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেন। ২০১৪ সালে তাকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে তাকে সদস্য করা হয়।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিনের নাম ঘোষিত হয়। নির্বাচনের সময় তিনি গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন।
২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপির বিপুল বিজয়ের পর মাহদী আমিনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার একজন হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল 