📋 জীবনী
লুৎফর রহমান খান আজাদ (জন্ম: ১ জানুয়ারি ১৯৫৭) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি টাঙ্গাইল-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় বিভিন্ন সময় শ্রম ও কর্মসংস্থান, বস্ত্র ও পাট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজাদ ১৯৫৭ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাবিবর রহমান ও মাতার নাম সুফিয়া খানম। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে তিনি রাজীতিতে প্রবেশ করেন। আজাদ ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ নির্বাচনী আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ তিনটি নির্বাচনে তিনি তার চাচাত ভাই ও আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যথাক্রমে ৭১,১৫৭, ৭৩,৮১৫ ও ৯৪,৪২০ ভোট পান ও বিজয়ী হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৩,০৭৬ ভোট লাভ করেন এবং পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেন।
আজাদ, খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় ২০০২ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০০৩ সালের ২২ মে পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ২২ মে ২০০৩ থেকে ৬ মে ২০০৪ পর্যন্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০০৬ সালের ৯ জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যান্য রাজনৈতিক দল