📋 জীবনী
জাহরাত আদিব চৌধুরী (জন্ম:২৬ মার্চ ১৯৮৩) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যারিস্টার, আইনজীবী এবং সাবেক কর্পোরেট নির্বাহী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংরক্ষিত নারী আসন–২৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রথম নারী ডেপুটি সিইও হিসেবে পরিচিতি লাভ করেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
জহরত আদিব চৌধুরী ১৯৮৩ সালের র্মাচ মাসের ২৬ তারিখ বাংলাদেশের মৌলভীবাজার জেলার,বড়লেখা উপজেলার গংকুল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং চার বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী মাতা সাওদা এবাদ চৌধুরী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী। তিনি যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক আইনে মাস্টার অব লজ (এলএল.এম.) ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্জন করেন।
কর্মজীবন
জহরত আদিব চৌধুরী পেশাগত জীবন শুরু করেন করপোরেট খাতে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস বাংলাদেশ এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি মোবাইল অপারেটর বাংলালিংকে চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগ দেন। এপ্রিল ২০২৫ সালে তিনি বাংলালিংকের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রথম নারী ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। করপোরেট খাতে দীর্ঘ অভিজ্ঞতার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। ২০২৬ সালের মে মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মৌলভীবাজার–হবিগঞ্জ অঞ্চলের সংরক্ষিত মহিলা আসন-২৭ থেকে ১৩তম জাতীয় সংসদের সদস্য হিসেবে মনোনীত হন। ১৩ জুলাই ২০২৬ সালে তিনি জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন। এ দায়িত্বে তিনি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কার্যক্রম তদারকি ও নীতিগত বিষয়ে কমিটির নেতৃত্ব প্রদান করছেন। জহরত আদিব চৌধুরী যুক্তরাজ্যের লিংকনস ইনের একজন ব্যারিস্টার-অ্যাট-ল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং মৌলভীবাজার জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিশ্বের ৩০টিরও বেশি দেশ সফর করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক ট্রাস্ট ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল