📋 জীবনী
হুমায়ুন কবির একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও প্রবাসী নেতা। তিনি ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডনপ্রবাসী বাংলাদেশি রাজনীতিবিদ।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবেই তিনি যুক্তরাজ্যে প্রবাসী হন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
হুমায়ুন কবির লন্ডনে মেয়রের দপ্তরে কৌশল সহকারী হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রিটিশ সরকারে প্রথমে বরিস জনসনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি টিমে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে ন্যায় মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার সঙ্গে প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হুমায়ুন কবির বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। এর আগে তিনি লন্ডনে অবস্থান করে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগের কাজ করে প্রশংসিত হন। ২২ অক্টোবর ২০২৫ সালে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) হন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
২০২৬ সালের ২১ আগস্ট তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল 