📋 জীবনী
গোলাম মোহাম্মদ সিরাজ (জন্ম: ১৫ জানুয়ারি ১৯৫০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয়। জি এম সিরাজ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এই একই আসন থেকে তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম জাতীয় সংসদেও সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া ২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়নে জয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীকালে এ আসন থেকে পদত্যাগ করেন। জি এম সিরাজ বিএনপির বগুড়া জেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশে ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ, একই বছরে ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এবং ১ অক্টোবর ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচন করে পরাজিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, নির্ধারিত সময়ে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২৪ জুন ২০১৯ সালে এ আসনে জাতীয় সংসদ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জি এম সিরাজ জয়লাভ করেন। এছাড়া, তিনি এসআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
১০ ডিসেম্বর ২০২২ সালে রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি সহ ৭ জন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল