📋 জীবনী
আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। তিনি খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী (২০০১-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্ম
আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল আজিজ চৌধুরী এবং মাতা মোমেনা খাতুন চৌধুরী।
কর্মজীবন
চৌধুরী তার কর্মজীবন শুরু করেন পাকিস্তান বিমান বাহিনীর একজন যোদ্ধা পাইলট হিসেবে এবং ড্যাসল্ট মিরাজ III-এর প্রধান পাইলট হিসেবে যোগ্যতা অর্জন করেন। ১৯৭১ সালে তিনি একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে যোগ দেন। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি পাইলট প্রশিক্ষণ স্কুলের একজন প্রশিক্ষক ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন।
১৯৯৫ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। বিএনপি সরকারের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে চৌধুরী পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ এবং ২০১৮ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান মিয়ার কাছে পরাজিত হন। ২০১৬ সাল থেকে চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবন
আলতাফ হোসেন চৌধুরী সুরিয়া চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। চৌধুরীর দুই ভাই— বাবুল চৌধুরী ও শাহিন চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল