📋 জীবনী
এ কে এম শামছুল ইসলাম একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ডে মেধা তালিকায় স্থান পান। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এরপর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করে ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করে স্বর্ণপদক পান। এছাড়াও তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে প্রথম শ্রেণিতে মিলিটারি টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের নিউক্লিয়ার সিকিউরিটি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সামরিক জীবন
তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ২১তম বিএমএ লং কোর্সে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ফোর্স কমান্ডারের স্টাফ অফিসার ও ডেপুটি কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইরাকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক জোরপূর্বক অবসরে পাঠানো হয়।
রাজনৈতিক জীবন
তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে অ্যাডজাংক্ট অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) প্রধান হিসেবে প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালে তিনি জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৯ আসনের জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এরপর তারেক রহমান মন্ত্রিপরিষদ গঠন করলে তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল 